ছাত্রদল নেতার গুদামে সরকারি চাল, জামালপুরে আটক ৩

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের গুদাম থেকে সরকারি বরাদ্দের ভিজিএফের ৫৬ বস্তা চাল জব্দ করেছে যৌথবাহিনী। অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২ জুন) সকালে সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (১ জুন) রাত ১০টার দিকে ভাটারা বাজারের লেভেল ক্রসিং এলাকায় আয়েশা সুপার মার্কেটের ‘নাজমুল স্টোর’ থেকে এসব চাল উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন—মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আশিক মিয়া, সানাকৈর গ্রামের রায়হান মিয়া এবং বারুইপটল গ্রামের শান্ত।
আরও পড়ুন… ২০ ভাষায় হবে আরাফার খুতবা: “বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদে থাকছেন যাঁরা”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে ভাটারা ইউনিয়ন পরিষদ কয়েক দিন ধরে দরিদ্রদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করছিল। এই সুযোগে ছাত্রদল নেতা নাজমুল হাসান ও তার সহযোগীরা চালগুলো অবৈধভাবে সংগ্রহ করে গুদামে মজুত করেন। পরে সরকারি বস্তাগুলো পরিবর্তন করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন।
তবে সেনাবাহিনীর টহল দলের কাছে বিষয়টি ধরা পড়ে যায়। এরপর ওয়ারেন্ট অফিসার সাদিক আলীর নেতৃত্বে চালানো অভিযানে ২ হাজার ৮০০ কেজি বা ৫৬ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযুক্ত নাজমুলসহ কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।
আটকদের ও জব্দকৃত চাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন… সাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান জানান, সরকারি চাল অবৈধভাবে মজুতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত নাজমুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

