জাতীয় নাগরিক পার্টির নির্বাচনের রোডম্যাপ চাওয়ার আহ্বান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনসংক্রান্ত একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করা হলে রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরে আসবে এবং অনিশ্চয়তা অনেকটা কেটে যাবে।”
এ সময় তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন … নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
সাম্প্রতিক সেনাবাহিনী থেকে প্রকাশিত ৬২৬ জনের একটি তালিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম মন্তব্য করেন, “এই তালিকাটি আরও আগে প্রকাশ করা হলে হয়তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া এড়ানো যেত। অতীতে আমরা রাজনীতির সঙ্গে সামরিক বাহিনীর সংযোগ দেখেছি, ওয়ান-ইলেভেনের অভিজ্ঞতা আমাদের সামনে রয়েছে। এই ধরনের হস্তক্ষেপ ভালো ফল বয়ে আনেনি। তাই যার যার দায়িত্ব তার যথাযথভাবে পালন করাই উচিত।”
দুই সাবেক ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তাদের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তবুও এনসিপির সঙ্গে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা উদ্দেশ্যমূলক ও দুঃখজনক।”
তিনি আরও জানান, গণআন্দোলনের সময় যেসব ছাত্রনেতা উপদেষ্টা হিসেবে সরকারে ছিলেন, তারা যদি ভবিষ্যতে রাজনৈতিকভাবে সক্রিয় হতে চান, তবে তা সরকারের বাইরে থেকেই করা উচিত বলে তিনি মত দেন।
আরও পড়ুন … বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের স্পষ্ট বার্তা
সংবাদ সম্মেলনে এনসিপি স্পষ্ট বার্তা দেয়—দেশে স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে একটি সমন্বিত রোডম্যাপ এখন সময়ের দাবি।