নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা চালিয়েছেন মো. আল জাবেদ নামে এক চেয়ারম্যান প্রার্থী। আচরণবিধি লঙ্ঘন করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (১০ মে) সন্ধ্যায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
মো. আল জাবেদ উপজেলা যুবলদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনিসহ বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানা যায়, বিজয়নগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ও বিএনপির দুই নেতাসহ ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ডামি প্রার্থী তিনজন। তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল চারটায় জনসভার আয়োজন করেন আল জাবের। তিনি এলাকায় মিছিল ও শোডাউন করেছেন। এর সুনির্দিষ্ট প্রমাণ রিটার্নিং কর্মকর্তার কাছে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা একাধিকবার ফোন করলেও বন্ধ করেননি জনসভা। এবং বিজয়নগর থানা পুলিশ স্বশরীরে উপস্থিত হয়ে প্রচারণা বন্ধ করতে নির্দেশ দিলেও তাৎক্ষণিকভাবে বন্ধ করেননি চেয়ারম্যান প্রার্থী আল জাবের।
যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৫ এর পরিপন্থী। আল জাবেরের বিরুদ্ধে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩৩ অনুযায়ী প্রার্থীতা বাতিলের বিষয়ে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে না, তা আগামী রোববার সকাল সাড়ে নয়টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
শাহনেওয়াজ শাহ্
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক