বাতিল হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন্দ্রিক শপথ বাক্য।

দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই-এ প্রাত্যহিক সমাবেশের সময় জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথ বাক্য পাঠ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর কর্তৃক জারি করা এক আদেশে মঙ্গলবার (২০ আগস্ট) এই তথ্য জানা যায়।
আদেশে আরও বলা হয়, সরকারি এবং বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই-এর প্রাত্যহিক সমাবেশের পর জাতীয় সংগীত পরিবেশন শেষে নতুন শপথবাক্য পাঠ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
নতুন শপথবাক্যটি হলো: “আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।”
এ শপথ বাক্য ২০২২ এর আগ পর্যন্ত চালু ছিল। কিন্তু ২০২২ সালে সরকার স্কুল-কলেজ এবং মাদ্রাসায় নতুন শপথ পাঠ করার বিষয়ে নির্দেশনা দিয়েছিল।
পূর্ববর্তী নির্ধারিত শপথ বাক্যটি ছিল: “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহিদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।”
নিজস্ব প্রতিবেদক

