২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

দীর্ঘ ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরে স্বপ্নের সূচনা করেছে স্কটল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচেই হাইতিকে ১-০ গোলে হারিয়ে শুধু জয়ই পায়নি, একই সঙ্গে গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে ইউরোপের দলটি।
রোববার (১৪ জুন) ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডের জয়ের নায়ক ছিলেন জন ম্যাকগিন। ম্যাচের ২৮তম মিনিটে তার নেওয়া শট হাইতির এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে স্কটিশরা।
১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে স্কটল্যান্ড। আর ১৯৯০ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটি তাদের প্রথম জয়। শেষবার তারা বিশ্বকাপে জয় পেয়েছিল সুইডেনের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় স্কটল্যান্ডকে। ১৭তম মিনিটে অধিনায়ক স্কট ম্যাকটমিনে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে তার নেওয়া শট ক্রসবারের ওপর লেগে বাইরে চলে যায়।
জয়সূচক গোলটির সূচনা হয় চে অ্যাডামসের প্রচেষ্টা থেকে। তার শট হাইতির গোলরক্ষক প্লাসিড ঠেকালেও ফিরতি বলে সুযোগ পান ম্যাকগিন। প্রায় ১৩ গজ দূর থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে প্রবেশ করে।
দ্বিতীয়ার্ধে হাইতিও সমতায় ফেরার কয়েকটি সুযোগ তৈরি করেছিল। ৭৪তম মিনিটে রুবেন প্রভিডেন্সের ক্রস থেকে উইলসন ইসিডর সুযোগ নষ্ট করেন। এরপর ৮৪তম মিনিটে ফ্রান্টজডি পিয়েরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
অন্যদিকে, একই গ্রুপে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচ ড্র হওয়ায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড।
আগামী ২০ জুন জিলেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড। একই দিনে ফিলাডেলফিয়ায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে হাইতি।

