রোজার সময় ধোঁয়া নিয়ে বিরোধ, বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি পান করছিলেন। এ সময় ধোঁয়া ছাবিদ মিয়ার দিকে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে ইফতারের ঠিক আগে নিজ নিজ এলাকায় গিয়ে ছাবিদ ও আলাল পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার জানান, খবর পাওয়ার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।

