লালমনিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামের একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটি উপলক্ষে মঙ্গলবার সকালে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী এবং ছেলে নিহত হন। গুরুতর আহত কন্যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ট্রাকচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।