ঈদযাত্রায় পরিবহন খাতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও আসন্ন ঈদযাত্রায় দেশের পরিবহন খাতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আপাতত বাড়ার সম্ভাবনা নেই।
শনিবার (১৭ মার্চ) বিকেলে সিলেট নগরীর রায়নগর দপ্তরিপাড়া মসজিদ মাঠে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে এর প্রভাব যেন দেশের মানুষের ওপর না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে কোনো সমস্যা তৈরি হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে যদি যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বৈশ্বিক অর্থনীতিতে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি নগরীর বিভিন্ন সমস্যারও পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজাউল হাসান কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী ও শফিকুর রহমান সুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
পরে মন্ত্রী সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এবং সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।