ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ময়না হত্যা মামলার প্রধান আসামি হোসেন মিয়া গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ময়না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২ বছরের শিশু ময়না হত্যাকাণ্ডের প্রধান আসামি হোসেন মিয়া (৪৫) অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার ভোরে পৌর এলাকার নয়নপুর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হোসেন মিয়া উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিজয়নগরের আতকাপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনা নিয়ে বরের পক্ষের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা হয়।
পরে রাত সাড়ে ৭টার দিকে মনিপুর বন্দর বাজারের পথে গেলে শিশু ময়নাকে আগে থেকে ওঁৎ পেতে থাকা হোসেন মিয়া ও তার সহযোগীরা এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে হোসেন বল্লম দিয়ে ময়নার বুকের বাঁ পাশে আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত ময়নার মা বাদী হয়ে বিজয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি হোসেন মিয়াকে দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতার পর অবশেষে গ্রেপ্তার করা হয়। র্যাব পরে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করেছে।