ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ‘চুপ থাকার’ নির্দেশ ইসরায়েল সরকারের

🟩 যুদ্ধবিরতি নিয়ে মুখ না খুলতে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনা
🟩 হোম ফ্রন্ট কমান্ড বলছে—পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি
🟩 জনগণকে আগের মতো সতর্কতা মেনে চলার আহ্বান
🟩 সরকার এখনো যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি
ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সরকারি কর্মকর্তাদের প্রকাশ্যে কোনো মন্তব্য না করতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৪ জুন) সকালে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
দখলদার ইসরায়েলের ‘হোম ফ্রন্ট কমান্ড’ জানায়, মাঠপর্যায়ে পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। আগের সব সতর্কতা ও বিধিনিষেধ বহাল রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে যুদ্ধবিরতি নিয়ে নানা তথ্য প্রকাশ পেলেও, ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েলের মধ্যে “পূর্ণ ও সাময়িক যুদ্ধবিরতির” ঘোষণা দেন। তবে ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েলের কোনো সরকারি কর্মকর্তা এখনো মুখ খোলেননি।
আরও পড়ুন… যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
সরকারি সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল এখনো যুদ্ধবিরতির বিষয়ে পর্যবেক্ষণ করছে এবং কোনো চূড়ান্ত অবস্থান জানায়নি।
এছাড়া, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কিছু এলাকায় বিধিনিষেধ ও জনসমাগমে সীমাবদ্ধতা বহাল থাকবে বলেও হোম ফ্রন্ট কমান্ড থেকে জানানো হয়েছে। সেনাবাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয় সকল নাগরিকের প্রতি।

