নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উত্তপ্ত সান্দিকোনা

🟩 সান্দিকোনায় বিএনপি নেতা রোকন উদ্দিন ভূঞাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
🟩 স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠায় গুরুতর আহত অবস্থায়
🟩 ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ ও আওয়ামী লীগকে দায়ারোপ
🟩 ওসি জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে হামলা, পুলিশ মোতায়েন রয়েছে
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির এক ইউনিয়ন নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে, যেখানে দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের কোপে তিনি গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তি হলেন রোকন উদ্দিন ভূঞা (৬০), সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ডাউকি গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
রোববার (২২ জুন) সন্ধ্যায় সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোকন উদ্দিন বিকেলে অটোরিকশায় করে সান্দিকোনা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাউকি গ্রামের মসজিদের সামনে পৌঁছতেই প্রতিপক্ষ তাইজ্জত আলীর নেতৃত্বে মাসুদ, রাকিবসহ ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়।
পরে স্থানীয়রা রোকনকে গুরুতর আহত অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আরও পড়ুন… যশোর শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর ঘটনায় সতর্কতা
ঘটনার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে নেমে প্রতিবাদ মিছিল করেন। তারা অভিযোগ করেন, এই হামলার পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, “পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।“

