ইরানে পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ, ইসরায়েলি হামলার অভিযোগ

🟩 ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে
🟩 ইরান দাবি করেছে, ইসরায়েলের যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়
🟩 বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে ইসফাহান, তবে বিপজ্জনক লিকেজ হয়নি
🟩 আইআরজিসির ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন
শনিবার (২১ জুন) সকালে ইরানের ইসফাহান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান পারমাণবিক স্থাপনাটিকে লক্ষ্য করে বোমাবর্ষণ করে, যার ফলে পুরো এলাকায় বিস্ফোরণের তীব্র শব্দ শোনা যায়।
দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার পর পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের বিপজ্জনক পদার্থ লিক হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, ইসফাহান পারমাণবিক স্থাপনাটি ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যদিও বিপজ্জনক পদার্থ সংরক্ষণের ভাণ্ডার অক্ষত রয়েছে। ফারস আরও জানায়, এর আগেও চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল এই স্থাপনায় হামলার চেষ্টা চালিয়েছিল।
একাধিক সূত্র জানিয়েছে, ইসফাহানে সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেখানকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিস্তারিত তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন… রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার
এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনায়, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডার নিহত হয়েছেন। তিনি মূলত ইসরায়েলের দিকে ড্রোন আক্রমণের তত্ত্বাবধান করছিলেন।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিমান বাহিনীর একটি হামলায় ওই কমান্ডার নিহত হয়েছেন, যিনি আমিন পুর জোদখি নামে পরিচিত ছিলেন। তিনি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিলেন।

