মার্কিন হামলার ফলাফল হবে ‘গুরুতর ও অপূরণীয়’: খামেনির হুঁশিয়ারি

🟩 চাপিয়ে দেওয়া শান্তি বা যুদ্ধ—কোনোটাই মেনে নেবে না ইরান
🟩 “হুমকি দিয়ে কিছু আদায় করা যাবে না”—খামেনির জোরালো বার্তা
🟩 ইসরায়েলকে ‘ভুলের জন্য শাস্তি’ ভোগ করতে হবে বলেও সতর্কবার্তা
🟩 মার্কিন হামলার পরিণতি হবে ভয়াবহ, জানালেন সর্বোচ্চ নেতা
ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
ভাষণে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির জবাবে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
বুধবার (১৮ জুন) খামেনির এই বক্তব্য প্রচার করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা রয়টার্স।
ভাষণের শুরুতেই খামেনি বলেন, “ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতেই হবে।”
তিনি স্পষ্ট করে বলেন, “ইরান কখনোই চাপিয়ে দেওয়া শান্তি বা যুদ্ধ মেনে নেবে না। আমরা আত্মসমর্পণ করিনি, করবও না।”
মার্কিন হুমকি নিয়ে খামেনি বলেন, “যারা ইরান এবং এর ইতিহাস জানে, তারা জানে—ইরানিদের হুমকির ভাষায় কিছু আদায় করা যায় না।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে তা হবে গুরুতর ও অপূরণীয় পরিণতির সূচনা।
আরও পড়ুন… ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর পুনরুত্থানের শঙ্কা, উত্তপ্ত হতে পারে পুরো মধ্যপ্রাচ্য
খামেনির মতে, এই জাতি শত বিপর্যয়েও মাথা নত করেনি। তাই চাপিয়ে দেওয়া কোনো যুদ্ধ কিংবা শান্তি—ইরানের জন্য গ্রহণযোগ্য নয়।
ভাষণটি এমন সময়ে এসেছে, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে গোটা মধ্যপ্রাচ্য।

