জাফলংয়ে উপদেষ্টাদের গাড়িবহর আটকে পাথর শ্রমিকদের বিক্ষোভ

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিকরা। শনিবার (১৪ জুন) সকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জাফলং ইসিএ এলাকা পরিদর্শনে গেলে শ্রমিকদের তোপের মুখে পড়েন। সকাল ১১টায় পরিদর্শন শেষে পৌনে ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করার পরপরই স্থানীয় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
উপদেষ্টাদের বক্তব্যে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ, তারা বলেন, জাফলং পাথর কোয়ারি বন্ধ থাকবে এবং পরিবেশ ধ্বংস রোধে পদক্ষেপ নেওয়া হবে। এর জবাবে বিক্ষুব্ধ শ্রমিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে গাড়িবহর আটকে দেন। প্রায় আধাঘণ্টা তারা আটকে থাকেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে জাফলং অঞ্চলের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। এই কারণে অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আরও পড়ুন… সিলেটসহ তিন জেলায় নতুন করে বন্যার আশঙ্কা, বাড়তে পারে ৫ নদীর পানি
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সরকার জাফলংয়ে আর কোনো পাথর কোয়ারি খুলবে না। বরং এ অঞ্চলের পর্যটন কেন্দ্র হিসেবে আধুনিকায়ন করা হবে এবং বিকল্প কর্মসংস্থান গড়ে তোলা হবে।”
তবে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ পদ্মা টেলিভিশনকে জানান, “গাড়ি আটকে রাখার ঘটনা ছিল না, শ্রমিকরা শুধু দাবি জানিয়েছে।”
তবে ভিডিওতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান এবং গাড়ি আটকে রাখার দৃশ্য দেখা গেছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন-নবী, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

