সিলেটসহ তিন জেলায় নতুন করে বন্যার আশঙ্কা, বাড়তে পারে ৫ নদীর পানি

নদ-নদীর পানি বৃদ্ধিতে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে
সিলেট বিভাগের বেশ কয়েকটি নদ-নদীতে পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
মঙ্গলবার (৩ জুন) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা এবং মৌলভীবাজারের মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি আরও বাড়তে পারে। এছাড়া সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে।
আরও পড়ুন… নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ১৫০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু
অন্যদিকে, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার মনু, খোয়াই, ধলাই ও সোমেশ্বরী নদীর পানির স্তর কমতে পারে বলে জানানো হয়েছে।
ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে। এই প্রবণতা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে। তবে তৃতীয় দিনে পানি স্থিতিশীল থাকতে পারে এবং চতুর্থ ও পঞ্চম দিনে কমে যেতে পারে।
এছাড়া পূর্বাভাসে বলা হয়, রংপুর অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি প্রথমে হ্রাস পেলেও পরবর্তী দুই দিনে বাড়তে পারে, এবং তিস্তা নদী সতর্কসীমায় পৌঁছাতে পারে।
চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীগুলোর পানি আগামী তিনদিন হ্রাস পেতে পারে। তবে এগুলো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন… ছয় জেলায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড
পূর্বাভাসে আরও বলা হয়, গঙ্গা নদীর পানি স্তর বর্তমানে স্থিতিশীল থাকলেও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। তবে এ দুই নদীর পানিও বিপৎসীমার নিচে থাকবে বলে আশ্বস্ত করেছে পূর্বাভাস কেন্দ্র।

