গুজরাটের মডেল অঞ্জলি ভারমোরার রহস্যময় মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা

গুজরাটের জনপ্রিয় মডেল অঞ্জলি ভারমোরাকে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার, যখন বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
🔶 পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা।
তারা জানিয়েছে, অঞ্জলি বেশ কিছুদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন, যার জেরেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।
🔶 পারিবারিক সূত্রে জানা গেছে, অঞ্জলির বিয়ের আয়োজন চলছিল। সম্প্রতি তার বাগদান সম্পন্ন হয়েছিল এবং চলতি বছরেই বিয়ের পরিকল্পনা ছিল। তবে তার হবু শাশুড়ির মৃত্যু হওয়ায় বিয়েটি ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করা হয়।
🔶 পরিবারের সদস্যরা আরও জানান, ঘটনার সময় অঞ্জলি ঘরে একা ছিলেন। ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানান।
আরও পড়ুন… আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরই ভয়াবহ দুর্ঘটনা, বলিউডজুড়ে শোকের ছায়া
মৃত্যুর আগের দিন ইনস্টাগ্রাম পোস্ট
মৃত্যুর আগের দিন ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেন অঞ্জলি। ক্যাপশনে লেখেন,
“আজ বুঝলাম, আমি তোমার যোগ্য নই।”
অন্য এক পোস্টে তার বক্তব্য ছিল,
“সব কিছু হারালে কিছু যায় আসে না, কিন্তু ভালোবাসা হারিয়ে গেলে কষ্ট হয়।”
এই পোস্টগুলো থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
দীর্ঘদিনের ফ্রিল্যান্স ক্যারিয়ার
অঞ্জলি ভারমোরা ছিলেন গুজরাটের পরিচিত ফ্রিল্যান্স মডেল। তিনি ফ্যাশন শ্যুট, টেক্সটাইল ও বাণিজ্যিক মডেলিং-এর সঙ্গে যুক্ত ছিলেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে রয়েছে ৩৭ হাজারের বেশি অনুসারী।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

