বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে সহায়তা করতে চায় কমনওয়েলথ: মহাসচিব বোচওয়ে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। সংস্থাটির মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে জানিয়েছেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ চাইলে তাঁরা সক্রিয়ভাবে সহায়তা করতে প্রস্তুত।
মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
মহাসচিব বোচওয়ে বলেন, “বাংলাদেশ যদি চায়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে, তাহলে আমরা সহযোগিতার জন্য প্রস্তুত। গণতান্ত্রিক চর্চা এবং সুশাসন নিশ্চিত করা আগামী পাঁচ বছরে কমনওয়েলথের মূল অগ্রাধিকারগুলোর একটি।”
তিনি আরও জানান, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামে সহায়তা করাও কমনওয়েলথের গুরুত্বপূর্ণ লক্ষ্য। তিনি বলেন, “২.৭ বিলিয়ন জনগণের প্রতিনিধিত্বকারী এই প্ল্যাটফর্মে বর্তমানে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৮৫০ বিলিয়ন মার্কিন ডলার। আগামী কয়েক বছরের মধ্যে তা ১ ট্রিলিয়নে পৌঁছানোর লক্ষ্যে আমরা কাজ করছি।”
জলবায়ু ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে বোচওয়ে বলেন, “আমাদের অনেক সদস্য রাষ্ট্র জলবায়ু পরিবর্তনের সরাসরি শিকার। ছোট ছোট রাষ্ট্রগুলো যেন জলবায়ু অর্থায়নের সুযোগ পায়, তা নিশ্চিত করতে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি।”
আরো পড়ুন…মণিপুরে ফের অশান্তি: মেইতেই নেতাসহ পাঁচ জনের গ্রেফতার ঘিরে বিক্ষোভ, সংঘর্ষে উত্তপ্ত ইম্ফল
সাক্ষাতে অধ্যাপক ড. ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ এবং তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য আহ্বান জানান। তিনি বলেন, “ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। আমরা চাই, ক্রীড়াবিদরা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলুক।”
জবাবে কমনওয়েলথ মহাসচিব জানান, চলতি মাসেই ঢাকায় একটি যুব প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, “কমনওয়েলথের মোট জনসংখ্যার ১.৫ বিলিয়নই তরুণ। তাদের উন্নয়নে নতুন উদ্যোগ এবং বৃত্তি কর্মসূচির পুনর্গঠন করা হচ্ছে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

