কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে প্রাণ গেল বাবা-ছেলের

কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী সায়মন বিচ পয়েন্টে গোসল করতে নেমে একসঙ্গে প্রাণ হারিয়েছেন এক পর্যটক পিতা ও তার ছেলে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন রাজশাহী থেকে আসা শাহীনুর রহমান (৬০) এবং তার ছেলে সিফাত (২০)। তারা পরিবারের সঙ্গে কক্সবাজার ঘুরতে এসেছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী। তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা সি-সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ সদস্য সাইফুল্লাহ সিফাত বলেন, “বাবা-ছেলে একসঙ্গে পানিতে নামার পর স্রোতে ভেসে যেতে থাকেন। তখন আমাদের কর্মীরা তা দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।”
আরো পড়ুন…মণিপুরে ফের অশান্তি: মেইতেই নেতাসহ পাঁচ জনের গ্রেফতার ঘিরে বিক্ষোভ, সংঘর্ষে উত্তপ্ত ইম্ফল
হাসপাতালে পৌঁছানোর পর দু’জনই রক্ত বমি করতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এই ঘটনায় কক্সবাজার সৈকতের নিরাপত্তা ও পর্যটকদের সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

