বিষ মিশিয়ে লাচ্ছি খাইয়ে দুই মেয়েকে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার

কুমিল্লার তিতাসে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। বাকপ্রতিবন্ধী দুই কন্যাশিশুকে বিষমিশ্রিত লাচ্ছি খাইয়ে হত্যা করেছেন তাদের বাবা, পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। সোমবার (৯ জুন) ভোররাতে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন- ৮ বছরের মনিরা ও ৫ বছরের সানজু আল ফাতেহা। তারা দুজনেই বাকপ্রতিবন্ধী ছিলেন। তাদের বাবা মনু মিয়াও বাকপ্রতিবন্ধী। তিনি তুলাকান্দি গ্রামের বাসিন্দা এবং মোকবুল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, একই পরিবারে একাধিক ব্যক্তি বাকপ্রতিবন্ধী হওয়ায় স্থানীয়দের নানা কটু কথা ও বিদ্রূপ সহ্য করতে হতো পরিবারটিকে। এ অবমাননা এবং দীর্ঘদিনের দারিদ্র্য ও মানসিক চাপ সহ্য করতে না পেরে বিষ মিশিয়ে লাচ্ছি তৈরি করেন মনু মিয়া। পরে সেই লাচ্ছি খাইয়ে দেন তাঁর দুই কন্যাকে এবং নিজেও তা পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তিনজনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা মনিরা ও সানজুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মনু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্যাহ পদ্মা টেলিভিশনকে বলেন, “বাকপ্রতিবন্ধিতা, দারিদ্র্য ও মানসিক হতাশা থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নিয়ে উপহাস নয়, দরকার সহানুভূতি ও সহায়তা।

