মাত্র ১০ হাজার টাকার জন্য প্রাণ গেল ব্যবসায়ীর, খালাতো বোনের স্বামীর হাতে নির্মম হত্যাকাণ্ড

ঘটনাটি ঘটে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার ছনটেক এলাকায়।
নিহত ইয়াসিন গাজী চাঁদপুরের আবুল বাশার গাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে চাঁদপুর শহরের সাদ্দাম মার্কেট এলাকায় বসবাস করতেন। তাঁর দুটি শিশু সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াসিন তার খালাতো বোনের স্বামী আল আমিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে আল আমিন ধারাল বঁটি দিয়ে ইয়াসিনের ঘাড়ে আঘাত করেন।
আরও পড়ুন… ফেসবুক লাইভে আত্মহত্যা করলেন নান্দাইলের হিরো আলম, পরিবারে শোকের মাতম
রক্তাক্ত অবস্থায় তিনি সাহায্যের জন্য কাতর প্রার্থনা করতে করতে রুম থেকে বের হয়ে আসেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ‘মায়ের দোয়া হোটেল’-এর মালিক ছিলেন ইয়াসিন। প্রায় চার মাস আগে তিনি হোটেলটি ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেন আল আমিনের কাছে। তবে আল আমিন ১০ হাজার টাকা বাকি রাখায়, দীর্ঘদিন ধরেই এ নিয়ে বিরোধ চলছিল।
আরও পড়ুন… ধামরাইয়ে মা ও দুই সন্তানের রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা না পরিকল্পিত হত্যা?
ঘটনার পরপরই স্থানীয়রা আল আমিনকে আটক করে পুলিশে খবর দেন। রাত ১২টার দিকে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে আল আমিন, তার স্ত্রী নাজমা বেগম, আত্মীয় হারুন ও হারুনের স্ত্রী সাবিনা আক্তারকে আসামি করা হয়।
পুলিশ আল আমিন, নাজমা ও সাবিনাকে গ্রেপ্তার দেখালেও হারুন পলাতক রয়েছে।

