ঈদে ঢাকা ছাড়ছেন? আত্মীয় না থাকলে থানায় নিরাপদে রাখা যাবে টাকা ও স্বর্ণালংকার: ডিএমপি

রাজধানী ঢাকায় ঈদের ছুটিতে অনেকেই গ্রামের বাড়িতে চলে যান। এ সময় বাসা ফাঁকা থাকায় চুরি বা নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়। এই পরিস্থিতিতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, যারা ঈদের ছুটিতে ঢাকার বাইরে যাবেন এবং রাজধানীতে বিশ্বস্ত কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তি নেই, তারা চাইলে তাদের বাসায় থাকা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিকটস্থ থানায় জমা রাখতে পারবেন। এতে করে দীর্ঘ ছুটির সময়েও এসব মূল্যবান সম্পদ নিরাপদ থাকবে।
পুলিশ বলছে, ছুটির সময়ে অনেক বাসা খালি থাকে। ফলে চুরি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে নির্ধারিত নিয়ম অনুসরণ করে মূল্যবান জিনিসপত্র জমা দেওয়া যাবে।
ডিএমপি আরও জানিয়েছে, ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হবে। পাশাপাশি বাসা-বাড়ির নিরাপত্তা বাড়াতে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পদ্মা টেলিভিশনকে ডিএমপি সূত্র জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

