রমজান শেষের পথে: কবে উদযাপিত হবে ঈদুল ফিতর?

পবিত্র রমজান মাস শেষের পথে। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ঈদুল ফিতর উদযাপনের প্রতীক্ষা। দিন যত এগোচ্ছে, ততই মানুষের মনে প্রশ্ন—কবে উদযাপিত হবে এই আনন্দের দিনটি?
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।
তবে ঈদের তারিখ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে ১৯ মার্চ সন্ধ্যায়। ওই দিন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন নির্ধারণ করা হবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জ্যোতির্বিজ্ঞানী ও আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, চলতি বছর আরব বিশ্বে রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শাওয়াল মাসের প্রথম দিন ধরা হচ্ছে ২০ মার্চ।
তার ভাষ্যমতে, ২৯তম রমজানের দিন আরব অঞ্চলে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। এজন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ অধিকাংশ মধ্যপ্রাচ্যের দেশে ২০ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি।
শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজির পর্যবেক্ষণও একই তথ্য দিচ্ছে। তাদের মতে, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ থেকেই শুরু হবে শাওয়াল মাস।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ পালিত হয়। সেই হিসেবে সেখানে ২০ মার্চ ঈদ হলে, বাংলাদেশে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা জোরালো।
এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ২১ মার্চ তারিখ ধরে ছুটির তালিকাও প্রস্তুত করেছে। তবে শরীয়ত অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সবকিছু মিলিয়ে এখন সবার নজর ১৯ মার্চের বৈঠকের দিকে, সেখান থেকেই জানা যাবে কাঙ্ক্ষিত ঈদের সঠিক দিন।

