দৈনিক ১১ লাখ কিউসেক পানি ঢুকবে বাংলাদেশে

দৈনিক ১১ লাখ কিউসেক পানি ঢুকবে বাংলাদেশে
সোমবার (২৬ আগস্ট) ভারতের পক্ষ থেকে ফারাক্কার ১০৯ নং গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে একদিনেই বাংলাদেশে প্রবাহিত হবে ১১ লাখ কিউসেক পানি। এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার সম্ভাবনা তীব্র আকার ধারণ করেছে।
বাঁধ খুলে দেওয়ার কারণে দুই প্রতিবেশী রাজ্যে পানির চাপ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। যদিও ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বন্যা পরিস্থিতি এবং পাহাড়ি ঢলের তথ্য পূর্বেই বাংলাদেশকে জানানো হয়েছে, তবুও এই খবরে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ জানিয়েছে যে পানির স্তর বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার উপরে উঠে যাওয়ায় গেট খুলতে বাধ্য হয়েছেন। এই অবস্থায় ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। বাঁধের জেনারেল ম্যানেজার পাণ্ডে বলেছেন, “ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় সজাগ এবং প্রতিমুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অত্যাধিক পানির চাপ সৃষ্টির কারণে গেটের সবকটি খুলতে হয়েছে, অন্যথায় ব্যারাজের ওপর বিশাল চাপ সৃষ্টি হত, যা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারতো।”
আরও পড়ুন: এবার ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত
বর্তমানে, ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউনস্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। এর ফলস্বরূপ, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় পৌঁছে গেছে। সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং জনগণকে বন্যা মোকাবেলায় আরও কঠোর প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

