নরসিংদীতে জেলা প্রশাসনের সহকারী নাজিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

🟩 বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
🟩 দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ
🟩 আদালতের নির্দেশে মামলা নথিভুক্তের আদেশ
🟩 ভুক্তভোগী নারী একজন বীর মুক্তিযোদ্ধার কন্যা
নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী নাজির ইকরাম হোসেনের (৪২) বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা করেছেন এক নারী। সোমবার (২৩ জুন) নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগের শুনানির পর বিচারক মাধবদী থানার ওসিকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী খন্দকার আব্দুল হালিম জানিয়েছেন, ভুক্তভোগী নারী একজন বীর মুক্তিযোদ্ধার মেয়ে। তিনি জানান, প্যারালাইজড হয়ে পড়া বাবার জন্য হুইলচেয়ারের আবেদন করেন জেলা প্রশাসকের কাছে। সেই আবেদন থেকে সহকারী নাজির তার নম্বর সংগ্রহ করে যোগাযোগ শুরু করেন।
এরপর বিভিন্ন সময়ে যোগাযোগের একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদী জানান, “গত ৯ মার্চ মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন গাজী আবাসিক হোটেলে নিয়ে আমাকে ধর্ষণ করে ইকরাম। সেই সময় সে কাজী অফিসে বিয়ে করার কথা বলে।”
ভুক্তভোগী আরও জানান, ইকরাম তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা এবং গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে আত্মসাৎ করেন। পরে চেইন মেরামত করে ফেরত দেওয়ার কথা বললেও আর ফেরত দেননি। বিয়ে বা সম্পদ ফেরতের দাবিতে চাপ দিলে তিনি তা অস্বীকার করেন।
আরও পড়ুন… চট্টগ্রামে একদিনে আরও ১২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯০
এ বিষয়ে সহকারী নাজিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।
মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আদালতের আদেশ এখনো থানায় পৌঁছায়নি। আদেশ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিহাব সারার অভী বলেন, “এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়, যেহেতু মামলা হয়েছে—আদালতই সিদ্ধান্ত নেবে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলার নেই।”

