বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে: জামাতের সময়সূচি

আগামী শনিবার, ৭ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ জুন) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী,
🔹 প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী এবং মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।
🔹 দ্বিতীয় জামাত সকাল ৮টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. নাসির উল্লাহ।
🔹 তৃতীয় জামাত সকাল ৯টায়। ইমামের দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মুশতাক আহমদ, মুকাব্বির হবেন মো. বিল্লাল হোসেন।
আরও পড়ুন… আসন্ন কোরবানির ঈদে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অধিদপ্তর
🔹 চতুর্থ জামাত সকাল ১০টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।
🔹 পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন মো. জহিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত কোনো ইমাম বা মুকাব্বির অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. শহিদুল ইসলাম এবং খাদেম মো. রুহুল আমীন।
সকল প্রস্তুতি শেষে জাতীয় মসজিদে ঈদের জামাতগুলো যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

