দেশে খাদ্য মজুত সন্তোষজনক, আমদানি ছাড়াই মোকাবিলা সম্ভব: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বর্তমানে দেশে খাদ্য পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। তিনি বলেন, “বর্তমানে দেশে মোট খাদ্য মজুত রয়েছে প্রায় ১৫ লাখ টন, যা গত বছরের তুলনায় তিন লাখ টন বেশি।”
বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চলতি মৌসুমের বোরো সংগ্রহ, মজুত এবং বিতরণ সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা হয়।
আলী ইমাম মজুমদার বলেন, “আমরা কখনোই সন্তোষজনক অবস্থানে স্থায়ীভাবে থাকি না, কারণ খাদ্য মজুত একদিকে যেমন ব্যয় হচ্ছে, অন্যদিকে তা পুনরায় যোগও হচ্ছে। আমাদের খাদ্য নিরাপত্তা নির্ভর করে বিভিন্ন ধাপে উৎপাদিত ফসলে। সামনেই আসছে আউশ ও আমনের মৌসুম। যদি আমন ভালো ফলন দেয়, তাহলে এ বছর বিদেশ থেকে চাল আমদানি করার প্রয়োজন হবে না।”
আরও পড়ুন… লাহোরে রাতের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, কঠিন চ্যালেঞ্জে লিটনরা
তিনি আরও জানান, “গত বছর আমাদের যথেষ্ট পরিমাণে চাল আমদানি করতে হয়েছিল। তবে এবার বোরো ধানের উৎপাদন আশানুরূপ হওয়ায় আমনের ফলন ভালো হলে আত্মনির্ভরশীল থাকা সম্ভব হবে।”
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. সফিউল আলম এবং চার জেলার জেলা খাদ্য কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

