সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ মে) রাতে পরিচালিত এ অভিযানে প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের গরুগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা এলাকা থেকে ১০টি এবং বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও থেকে আরও দুটি গরু আটক করা হয়।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদের জানান, আসন্ন ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “চোরাচালান রোধে আমরা কঠোর অবস্থানে আছি। ঈদকে কেন্দ্র করে অবৈধ পথে গরু প্রবেশের যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।”
আরও পড়ুন… সায়ন্তিকার মনের মত খুশি করেছি জানালেন জায়েদ খান
আটক গরুগুলো শুল্ক বিভাগের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

