ঢাকা সফরে চীনের বাণিজ্যমন্ত্রী, সঙ্গে ১০০ ব্যবসায়ী-বিনিয়োগকারী

বাংলাদেশে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। শনিবার (৩১ মে) দুপুরে বিশাল একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পৌঁছান তিনি। সরকারের এক শীর্ষ কর্মকর্তা পদ্মা টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলে রয়েছেন প্রায় ১০০ জন চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী, যেখানে পুরো টিমের সদস্য সংখ্যা ২০০ জনের মতো।
সফরের অংশ হিসেবে শনিবার বিকেলে ওয়েনতাও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। রোববার পাঁচটি সেশনে তিনি বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে অংশ নেবেন। দিনটির উদ্বোধনী অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে।
আরও পড়ুন… ১২ বছর বাংলাদেশ ব্যাংকে চাকরি—শেষ পর্যন্ত ধরা পড়লেন ভুয়া ‘আবদুল ওয়ারেশ’
এছাড়া ২ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়েনতাও।
ওই দিন গার্মেন্টস খাত নিয়েও আলাদা ম্যাচমেকিং সভা অনুষ্ঠিত হবে। এসময় চীনা উদ্যোক্তাদের একটি অংশ গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানাও পরিদর্শন করবেন।
সরকারের এক দায়িত্বশীল সূত্র জানায়, সফরের মূল উদ্দেশ্য হচ্ছে যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ এবং সম্ভাব্য নতুন বিনিয়োগ কার্যক্রম নিয়ে আলোচনা। সফরের সময় কয়েকটি বিনিয়োগ ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন… ২০ ভাষায় হবে আরাফার খুতবা: “বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদে থাকছেন যাঁরা”
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে জানা গেছে, সফরকালে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এই গ্রুপের মাধ্যমে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাধা দূর করে বাণিজ্য সহজীকরণে উদ্যোগ নেওয়া হবে। চীন এরইমধ্যে এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে, যা গত মার্চে পাঠানো হয়।