শুল্ক কমানোর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ কী কী দিচ্ছে তা কেউ বলছে না: আলতাফ পারভেজ

শুল্ক কমানোর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ কী কী দিচ্ছে তা কেউ বলছে না: আলতাফ পারভেজ
লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেছেন, রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে— এটি নিঃসন্দেহে ভালো খবর। তবে এ সুবিধার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ কী কী সুবিধা দিয়েছে, তা স্পষ্টভাবে কেউ প্রকাশ করছে না, যা জানাটাও সমান জরুরি।
শুক্রবার (১ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
আলতাফ পারভেজ লিখেছেন, “সব কিছুরই ইতিবাচক ও নেতিবাচক দিক থাকে, যা নাগরিকদের জানানো দরকার। কিন্তু যারা এ সুসংবাদ দিচ্ছেন, তারা এটাও বলেননি যে, এই চুক্তিটি একটি এনডিএ বা নন-ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায় হয়েছে। ফলে এর বিস্তারিত শর্তগুলো সাধারণ মানুষের অজানা থেকে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই দরকষাকষির মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত সুবিধা নিয়েই এই শুল্ক ছাড় দিয়েছে। বাংলাদেশ যেসব ছাড় দিয়েছে, সেগুলোর প্রভাব আমাদের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে পড়বে আগামী দিনে। সেই প্রভাব সামলাতে হবে ভবিষ্যতের নির্বাচিত সরকারকেই।”
আলতাফ পারভেজ সতর্ক করে বলেন, “যদি এই ছাড়ের কোনো নেতিবাচক প্রভাব দেখা দেয়, তখন নির্বাচিত সরকার বলবে, এর দায় তাদের নয়— আগের সরকারই এ চুক্তি করেছে। তখন সাধারণ মানুষের কিছুই করার থাকবে না। ফলে দেখা যাচ্ছে, জাতীয় নীতিনির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জনতার এক ধরনের অসহায়তাই চলমান আছে। বাস্তবতা এটাই।”
আরও পড়ুন: কুমিল্লা-১১ আসন ত্রিখণ্ডিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

