ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই: তারেক রহমান

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৫ মে) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও ভিডিও বার্তাটি প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করে নির্বাচন আয়োজনের নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির অবস্থান স্পষ্ট—আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও জানান, দেশে এবং বিদেশে যেসব সম্মানিত, দক্ষ ও যোগ্য ব্যক্তিত্ব রয়েছেন, তাদের নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরো পড়ুন…শেখ হাসিনার পদত্যাগে শেখ রেহানার ভূমিকার দাবি, আদালতে হাজিরার নির্দেশ
বক্তব্যে তিনি অভিযোগ করেন, অতীতে স্বৈরাচারী শাসনের সময় রাষ্ট্র এবং রাজনীতি নানা দমনপীড়ন ও ষড়যন্ত্রের শিকার হয়েছে। গণতান্ত্রিক দলগুলোর পাশাপাশি এনপিপিও সে সময় নিপীড়নের বাইরে ছিল না। এখনকার ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য ফ্যাসিবাদের পথ বন্ধ করে রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোয় গুণগত পরিবর্তন আনতে হবে। এ জন্য সাংবিধানিক, আইনগত এবং প্রায়োগিক—সব ধরনের সংস্কার অপরিহার্য। বিশেষ করে, প্রায়োগিক সংস্কারকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া ফ্যাসিবাদ রোধ করা সম্ভব নয়। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকারই প্রকৃত অর্থে জনগণের প্রতি জবাবদিহি করতে বাধ্য হয়। এতে নাগরিকদের ক্ষমতায়ন নিশ্চিত হয় এবং স্বৈরশাসনের ঝুঁকি কমে।
আরো পড়ুন…ড. ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক
তারেক রহমান সতর্ক করে বলেন, সরকার যদি জনগণের জবাবদিহিতা থেকে সরে যায়, তবে যে কোনো কাঠামোর সরকারই—তা অন্তর্বর্তী, নির্বাচিত বা তত্ত্বাবধায়ক—স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তাই জনগণকে সব সময় সরকারকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে জবাবদিহিতে রাখার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি বলেন, প্রতিটি নাগরিকের উচিত নিজের অধিকার আদায়ে সচেতন ও সোচ্চার থাকা। কারণ, জনগণ সরকারের করুণা নয়, বরং অধিকার দাবি করে। সরকারের মান-অভিমান বা রাগ-ক্ষোভ এখানে অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

