ন্যূনতম ঐকমত্য গড়তেই দ্বিতীয় দফার সংলাপ : জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি

সবার মতামতের ভিত্তিতে অমীমাংসিত বিষয়ে ঐক্যমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
মঙ্গলবার (৩ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘আমরা এমন কিছু ক্ষেত্র চিহ্নিত করতে চাই, যেখানে সব রাজনৈতিক দল অন্তত ন্যূনতম পর্যায়ের ঐকমত্যে পৌঁছাতে পারে এবং তা সংরক্ষণযোগ্য হয়।’’ এটাই এই সংলাপের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
ড. রীয়াজ আরও বলেন, কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকতেই পারে, তবে প্রত্যেকে তার নিজস্ব রাজনৈতিক অবস্থান, দলীয় ইশতেহার ও মতাদর্শে অটল থাকবে। তবুও, যদি কেউ বাড়তি কোনো মতামত যোগ করতে চায়, তার সুযোগ থাকবে।
আরও পড়ুন… নির্বাচনের ওপর জোর দিয়ে অন্তর্বর্তী সরকারের বাজেট, আকার কমেছে ৭ হাজার কোটি টাকা
জাতীয় সনদের বিষয়ে তিনি বলেন, ‘‘আমরা কেবল সেসব প্রস্তাবই অন্তর্ভুক্ত করতে চাই, যেগুলোর সঙ্গে আপনাদের সম্মতি থাকবে।’’ আলাদাভাবে নয়, সম্মিলিত আলোচনা থেকেই গ্রহণযোগ্য কাঠামো তৈরি হবে বলে তিনি মত দেন।
তিনি উল্লেখ করেন, ‘‘পারস্পরিক যুক্তি-বিশ্লেষণের মাধ্যমে অবস্থানে পরিবর্তন আসতে পারে বলেই আমরা এই সম্মিলিত সংলাপের পথ বেছে নিয়েছি।’’
বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

