কসবা সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি যুবক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ মে) রাত দেড়টার দিকে সীমান্তের শ্যামনগর এলাকার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
আহতদের নাম রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)। তারা দুজনই শ্যামপুর গ্রামের বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে প্রায় ১৫০ গজেরও বেশি ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাদের লক্ষ্য করে ছররা গুলি চালায়। এতে রবিউল ও আজাদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
আরো পড়ুন…অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক সরিষাবাড়ীতে গ্রেপ্তার
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।