শহীদ আবু সাইদের বাড়িতে ড. ইউনূস।

শহীদ আবু সাইদের বাড়িতে ড. ইউনূস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে পৌঁছেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১০ আগস্ট) দুপুর ১১টার দিকে তিনি হেলিকপ্টারে চড়ে রংপুরে আবু সাঈদের বাড়িতে পৌঁছান।
ওখানে পৌঁছানোর পর ড. ইউনূস আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর তিনি আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূসের সঙ্গে আরও দুইজন উপদেষ্টা ছিলেন। তারা হলেন—ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কবর জিয়ারতের সময় নাহিদ ইসলামকে অশ্রুসিক্ত দেখা যায়।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, আবু সাঈদের মতো সন্তান প্রতিটি ঘরেই রয়েছে। তাদের সুরক্ষা করতে হবে। যাদের ঘরে সন্তান আছে, তারাই এখন বলছে আমি আবু সাঈদ হব এবং তার পথ অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে। এখন সবাই প্রতিবাদ করছে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন কোনো অশান্তি না হয়। দেশের সব সন্তানই আবু সাঈদ। এই সন্তানদের রক্ষা করা এখন আমাদের দায়িত্ব। আমরা যেন তা নিশ্চিত করতে পারি। আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই দাঁড়াব, যেমনটা আবু সাঈদ দাঁড়িয়েছে প্রতিবাদে। আমরা আজকের যে উদ্দেশ্যে এখানে এসেছি, তা যেন বাস্তবায়ন করতে পারি।
অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আগমন উপলক্ষে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও সেখানে অবস্থান করছেন।”পদ্মা টিভি”
নিজস্ব প্রতিবেদক

