দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক: একদিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬৪

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে পরিস্থিতি আবারও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, একই সময়ে হাম-সংশ্লিষ্ট উপসর্গে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩ জন। অন্যদিকে, সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা অনেক বেশি, যা ৩২ হাজার ২৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ৪৩৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৫৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

