ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি

ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি
ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের অবদানের কথা তুলে ধরে বলেছেন, আন্দোলনের সাফল্যকে এককভাবে দেখার সুযোগ নেই। ক্রিকেটের ভাষায় উদাহরণ টেনে তিনি বলেন, “কেউ হয়তো শেষ মুহূর্তে ছয় বলে ১২ রান করেছে, কিন্তু তার আগে যে ৩০০ রান হয়েছে, তা এসেছে সবার সম্মিলিত প্রচেষ্টায়।”
মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম বৈঠকে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ প্রসঙ্গে আলোচনার সময় তিনি জুলাই আন্দোলনে সব রাজনৈতিক শক্তির ভূমিকা স্মরণ করেন এবং এ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানান।
পার্থ বলেন, আন্দোলনের সময় বিভিন্ন স্থানে যে ত্যাগ ও আত্মদান হয়েছে, তা সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, একই দিনে ভিন্ন ভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে—যা প্রমাণ করে এই সংগ্রামে সবার অবদান রয়েছে।
গণভোটের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, একাধিক বিষয় একসঙ্গে উপস্থাপন করায় ভোটারদের জন্য সুনির্দিষ্ট মত প্রকাশ কঠিন হয়ে পড়েছে। তিনি জানতে চান, কোনো ভোটার যদি একটি বিষয়ে দ্বিমত পোষণ করেন, তাহলে তার জন্য বিকল্প কী ছিল।
জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে পার্থ বলেন, সংবিধানের প্রতি শ্রদ্ধা বজায় রেখে একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করতে হবে। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
সংবিধান বাতিলের প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, যদি সত্যিই নতুন করে সংবিধান প্রণয়নের প্রয়োজন হতো, তাহলে সে সময় একটি বিপ্লবী বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেত। বিদ্যমান কাঠামোর মধ্যেই সংবিধান বাতিলের চেষ্টা যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। তাই একে বাতিল না করে প্রয়োজন অনুযায়ী সংশোধন ও সংস্কারের মাধ্যমেই এগিয়ে যাওয়াই হবে যুক্তিযুক্ত পথ।
নিজস্ব প্রতিবেদক

