দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করলেন তারেক রহমান

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নদী-নালা, খাল ও জলাধার পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটির নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করেন।
এর আগে সকাল ১০টার দিকে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের কাজ উদ্বোধনের মাধ্যমে সারাদেশে এ উদ্যোগের সূচনা করা হয়। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে দেশের আরও ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রম শুরু করার কথাও জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন বলে জানা গেছে। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্ধারিত কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

