ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস

ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস
বাংলাদেশের জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস তাঁদের একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যাচ্ছেন সিঙ্গাপুরে। ছেলেকে বিদেশে পড়াশোনা করানোর পরিকল্পনা অনেক আগে থেকেই করেছিলেন অপু বিশ্বাস। অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, জয়কে সিঙ্গাপুরের একটি নামকরা স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে সন্তানের বাবা শাকিব খানের সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শিগগিরই বাবা-মা দুজন মিলে জয়কে নিয়ে সিঙ্গাপুর উড়াল দেবেন।
অপু বিশ্বাস বলেন, “জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। ওখানেই সে পড়াশোনা চালিয়ে যাবে। আমরা কিছুদিন সেখানেই থাকব।”
তিনি আরও জানান, বিষয়টি ব্যক্তিগত রাখার চেষ্টা করেছিলেন, তবে কিভাবে তা বাইরে চলে এসেছে সেটি জানেন না।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসেই ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন অপু বিশ্বাস। তখন থেকেই ছেলেকে সেখানে পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
আরও পড়ুন: জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

