জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী

জনগণ কি জানে, পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল হঠাৎ করে ‘পিআর পদ্ধতি’র কথা বলছে। কিন্তু সাধারণ মানুষ কি জানে, এই পিআর আসলে কী? এটা কি নারকেল তেলের মতো মাথায় দেওয়ার জিনিস, নাকি সাবানের মতো শরীরে মাখার? ধর্মভিত্তিক দলসহ কয়েকটি রাজনৈতিক দলও এ নিয়ে কথা বলছে, যা জনগণের কাছে বিভ্রান্তিকর।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকেরপাড় মাঠে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ভোটারদের জানার অধিকার আছে—কে হবেন তাদের এলাকার এমপি। যিনি জনগণের সুখ-দুঃখে পাশে থাকেন, তাকেই তো বেছে নেওয়া উচিত। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট দিলে সরাসরি জনগণ নয়, রাজনৈতিক দল প্রার্থী বাছাই করবে। এতে অনৈতিক ও দুর্নীতিবাজ ব্যক্তিরা মনোনয়ন পাওয়ার সুযোগ পেতে পারে, অথচ যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, তারা উপেক্ষিত হবেন। এতে রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠবে। গত ১৬ বছরে বিএনপি ও সমমনা জোট গণতন্ত্রের জন্য খুন, হামলা, গুম ও মামলার শিকার হয়েছে—পিআর পদ্ধতি চালু হলে এসব ত্যাগ বৃথা যাবে। শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলনই মূলত এই পদ্ধতি।
তিনি আরও বলেন, বিএনপি কখনও সংস্কারের বিরোধিতা করেনি। প্রতিটি আলোচনায় বিএনপি সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। তবে দলটি বারবার বলেছে, সংস্কারের নামে যেন নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘায়িত না হয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছে—এর নেপথ্যে সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের টিম লিডার আহসান উদ্দিন খান শিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: ‘৮-১০ সেকেন্ডেই কাজ শেষ’ — চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের খুনের স্বীকারোক্তি

