দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব

ফুটবল জগত আজ গভীর শোকে মুহ্যমান। পর্তুগাল ও লিভারপুলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোতা আর নেই। মাত্র ২৮ বছর বয়সে স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ছোট ভাই আন্দ্রেও (২৬), যিনি পেনাফিয়েল ক্লাবের খেলোয়াড় ছিলেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এবং দ্য সান জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জোতা ও তার ভাইয়ের গাড়িটি দুর্ঘটনায় পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। স্পেনের কাস্তিলিয়া ই লেওন অঞ্চলের জরুরি সেবা নম্বরে একাধিক ফোন আসার পর ঘটনাস্থলে পৌঁছে যায় ট্রাফিক পুলিশ, দমকল বাহিনী ও মেডিকেল টিম। মোম্বুয়ি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জোতার এই দুঃসংবাদটি আসে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে, যখন তিনি দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের ছবিতে তাদের তিন সন্তানকেও দেখা গিয়েছিল। ইনস্টাগ্রামে সেই বিশেষ মুহূর্তের ক্যাপশনে লেখা ছিল— “২২ জুন, ২০২৫। চিরকালের জন্য হ্যাঁ।”
আরো পড়ুন…ফুটবলের সর্বকালের সেরা কে? বিতর্কের কোনো শেষ নেই
দিয়োগো জোতার ক্যারিয়ার ছিল অনুপ্রেরণার এক অধ্যায়। ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন তিনি। লাল জার্সিতে ১৮২ ম্যাচে ৬৫ গোল ও ২৬টি অ্যাসিস্ট করে ক্লাবের হয়ে জেতেন দুটি প্রিমিয়ার লিগ শিরোপা। অ্যাতলেতিকো মাদ্রিদের যুবদলে ক্যারিয়ার শুরু করা জোতা খেলেছেন পোর্তো ও উলভসের হয়েও।
লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে তার উত্থান ছিল চোখে পড়ার মতো। নতুন কোচ আর্নে স্লটের সময়েও দলে ছিলেন অন্যতম ভরসার প্রতীক। তার এই আকস্মিক বিদায় লিভারপুল, পর্তুগাল এবং বৈশ্বিক ফুটবলে এক অপূরণীয় ক্ষতির নাম।
জীবন যে কতটা অনিশ্চিত, জোতার এই মর্মান্তিক মৃত্যু যেন সেই কঠিন বাস্তবতাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
বিদায় দিয়োগো জোতা। শ্রদ্ধা আর ভালোবাসায় তোমায় মনে রাখবে পুরো ফুটবল বিশ্ব।

