“আনচেলত্তির শুরুতেই ছন্দহীন ব্রাজিল, পয়েন্ট ভাগ ইকুয়েডরের সঙ্গে”

ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েই এক লাফে দলটিকে বদলে ফেলবেন—এমন প্রত্যাশা হয়তো ছিল না কারও। তবে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে অন্তত ইতিবাচক কিছু পরিবর্তনের ইঙ্গিতের আশায় ছিলেন সমর্থকরা। কিন্তু ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে সেই আশার প্রতিফলন দেখা যায়নি।
ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ব্রাজিল অনেকটা মনে করিয়ে দেয় আগের কোচ দরিভাল জুনিয়রের সময়কার সেই দলকে, যারা মার্চে আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল। পুরো ৯০ মিনিটে কার্যকর কোনো পরিকল্পনা বা সুযোগ তৈরি করতে পারেনি আনচেলত্তির শিষ্যরা। ফিনিশিংয়ে ইকুয়েডরের কিছুটা দুর্বলতা না থাকলে এই ম্যাচে হার দিয়েই শুরু হতো আনচেলত্তির অধ্যায়।
এই ড্রয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর রয়েছে দ্বিতীয় স্থানে।
পদ্মা টেলিভিশনের তথ্যানুযায়ী, আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর প্রথম অনুশীলন শেষে সম্ভাব্য একাদশ জানিয়ে দেয় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো। সেই ঘোষিত একাদশই ইকুয়েডরের মনুমেন্টাল স্টেডিয়ামে মাঠে নামান এই ইতালিয়ান কোচ। তবে খেলোয়াড়দের পারফরম্যান্সে আনচেলত্তির পরিকল্পনার ছাপ বিশেষভাবে দেখা যায়নি।
আরো পড়ুন…সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ইন্দোনেশীয় উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ব্রাজিল মাঝেমধ্যে কিছু আক্রমণের চেষ্টা করলেও, পুরো খেলায় ছিল ছন্দের অভাব। পাস দেওয়ায় ভুল, বল দখলে দুর্বলতা এবং খেলার গতি নিয়ন্ত্রণে ব্যর্থতাই বেশি চোখে পড়ে। উল্টো ইকুয়েডরের খেলোয়াড়েরা তুলনামূলকভাবে বেশি গোছানো মনে হয়েছে, যদিও তারাও প্রথমার্ধে গোলের দেখা পায়নি।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ইকুয়েডর। বারবার ব্রাজিলের রক্ষণভাগকে পরীক্ষায় ফেললেও গোলের সামনে গিয়ে সফলতা পায়নি তারা। এর মাঝেই আনচেলত্তি রিচার্লিসন ও এস্তেভাওয়ের জায়গায় নামান মার্তিনেল্লি ও ম্যাথিউস কুনিয়াকে। কিন্তু এই পরিবর্তনেও খেলার ধারায় বড় কোনো পরিবর্তন আসেনি।
৭৬ মিনিটে কাসেমিরোর একটি শট দুর্দান্তভাবে ঠেকান ইকুয়েডরের গোলরক্ষক ভালে। এরপর ব্রাজিল কিছুটা চাপ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। শেষদিকে ইকুয়েডর আরও একবার দাপট দেখালেও গোল করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।
নতুন কোচের অধীনে আনচেলত্তির প্রথম ম্যাচে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে ব্রাজিলের সমর্থকদের জন্য হতাশাজনক। পরবর্তী ম্যাচগুলোতেই হয়তো নিজের ছাপ রাখার সুযোগ পাবেন এই অভিজ্ঞ কোচ।

