সংরক্ষিত নারী আসন দ্বিগুণ করার পক্ষে বিএনপি, সরাসরি নির্বাচনে আপাতত না

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে ১০০-তে বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে এই আসনে সরাসরি নির্বাচন এখনই চায় না দলটি।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
তিনি বলেন, “বর্তমানে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। আমরা প্রস্তাব করেছি আরও ৫০টি আসন বাড়ানোর। অধিকাংশ দলই এই প্রস্তাবে সহমত, তবে নির্বাচন পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্য হয়নি। এটি আরও আলোচনার জন্য রাখা হয়েছে।”
আরও পড়ুন… ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, দ্রুত প্রস্তুতির আহ্বান নজরুল ইসলামের
সরাসরি নির্বাচন বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের সংসদীয় বাস্তবতায় সরাসরি নির্বাচন এখনো উপযুক্ত নয় বলে আমাদের মনে হয়েছে। ঘূর্ণমান বা অন্যান্য পদ্ধতি এখনো রাজনৈতিক সংস্কৃতিতে দৃশ্যমান নয়। হয়তো ভবিষ্যতে—এক বা দুটি সংসদ মেয়াদ অতিক্রমের পর—এমন বাস্তবতা তৈরি হবে যেখানে সরাসরি নির্বাচন সম্ভব হবে।”
বৈঠকে দুটি এজেন্ডা আলোচনায় ছিল বলেও জানান তিনি। প্রথমটি হলো সংসদীয় স্থায়ী কমিটি এবং দ্বিতীয়টি সংরক্ষিত নারী আসনের সংখ্যা ও নির্বাচনপদ্ধতি। তিনি বলেন, “সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধীদলীয় সদস্যদের দেয়ার প্রস্তাব তোলা হয়েছিল। আগের পর্বে অনেক দল লিখিত ও মৌখিকভাবে এতে একমত হয়েছিল।”
বিএনপির পক্ষ থেকে আরও কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি বিরোধীদলের কাছে হস্তান্তরের প্রস্তাবও দেওয়া হয়েছে। এতে করে সংসদে জবাবদিহি ও ভারসাম্য প্রতিষ্ঠা হবে বলে মনে করছে দলটি।