চট্টগ্রামে প্রকাশ্যে কুপিয়ে যুবককে হত্যা, দুহাত বিচ্ছিন্ন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার নোয়াহাট এলাকায় প্রকাশ্যে মো. শিপন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে মগধরা ইউনিয়নের ওই এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিপন মগধরা ইউনিয়নের তহসিলদার বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে শিপন স্থানীয় বাজারের পাশে বসে ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে করে কয়েকজন অস্ত্রধারী এসে তাকে জোরপূর্বক তুলে নেয়। এরপর প্রকাশ্যে রাস্তায় তার দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন করা হয় এবং ঘাড়ে এলোপাতাড়ি ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল ঘিরে ফেলা হয় এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।
আরও পড়ুন… ফেসবুক লাইভে আত্মহত্যা করলেন নান্দাইলের হিরো আলম, পরিবারে শোকের মাতম
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, “ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।” তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আশ্বাস দেন, যে কোনো মূল্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক

