সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, জুলাই থেকে কার্যকর হচ্ছে বিশেষ প্রণোদনা

দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বার্তা এসেছে। তবে তাদের আশানুরূপ মহার্ঘ ভাতা নয়, বরং ‘বিশেষ প্রণোদনা’ দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) বিকেলে জাতীয় বাজেট উপস্থাপনকালে তিনি এই ঘোষণা দেন। এই বিশেষ প্রণোদনা আগামী জুলাই মাস থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘২০১৫ সালের পর থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন কোনো বেতন কাঠামো কার্যকর হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি।’
বিকেল ৩টায় উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। বর্তমান সংসদ কার্যকর না থাকায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশনে তার বাজেট বক্তব্য প্রচার করা হয়।
আরও পড়ুন… নতুন অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড়, কমতে পারে দাম
নতুন অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।
প্রসঙ্গত, সর্বশেষ সংসদের বাইরে বাজেট ঘোষণা করা হয়েছিল ২০০৮ সালে, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। তখনকার অর্থ উপদেষ্টা এ বি মির্জা মো. আজিজুল ইসলাম ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। সেদিনও ছিল সোমবার।
সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত এই বিশেষ প্রণোদনা তাদের স্বস্তি দেবে কি না, তা সময়ই বলে দেবে, তবে মহার্ঘ ভাতা প্রত্যাশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

