বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪টি গেট। পদ্মা নিউজ

বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪টি গেট। পদ্মা নিউজ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট (গেট) খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৩১ মে) রাত ১০টায় তিস্তা পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৬ মিটার, যা বিপদসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার)।
বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার (১ জুন) ভোর ৬টার মধ্যে পানির স্তর আরও ১৫ সেন্টিমিটার বাড়তে পারে। ফলে তা বিপদসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে পৌঁছাবে। তবে পরবর্তীতে পানি ধীরে ধীরে কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশের ৮ জেলায় বন্যা, আরও বিস্তৃত হওয়ার শঙ্কা পদ্মা নিউজ
ভারতের গজলডোবা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা বেড়েছে ১২০ সেন্টিমিটার। শুক্রবার (৩০ মে) রাত ৯টায় সেখানে পানি ছিল ১১০ দশমিক ৩০ মিটার, তবে বর্তমানে সেখানে পানি হ্রাসের প্রবণতা দেখা যাচ্ছে। একই সময়ে বাংলাদেশের দোমহনী পয়েন্টে পানি ৬১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রাত ৯টায় দাঁড়ায় ৮৫ দশমিক ৬৩ মিটারে, যা বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচে রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকা বা উজানে তেমন কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম গণমাধ্যমকে জানান, কয়েক দিন ধরেই তিস্তার পানি বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।”পদ্মা টিভি”
নিজস্ব প্রতিবেদক