ময়মনসিংহে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩, আহত ৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাস ও মাহিন্দ্রা যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার ১ নম্বর মোড় এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঈশ্বরগঞ্জের পায়কুড়া বাজার এলাকার আব্দুল সোবহান (৬৫), তার ছেলে মো. সবুজ (৩৫) এবং সোহাগী ইউনিয়নের দরিপাতাসি গ্রামের কহিনুর সুলতানা (৩৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি বিআরটিসি বাস ১ নম্বর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আরও পড়ুন… মাধবপুরে প্রতিবেশীর হাতে ব্যবসায়ী নিহত, গ্রেপ্তার ১
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। তিনজন নিহত হয়েছেন, চারজন আহত রয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

