মাধবপুরে প্রতিবেশীর হাতে ব্যবসায়ী নিহত, গ্রেপ্তার ১

পাদ্মা টিভি ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এক হৃদয়বিদারক ঘটনায় জিলু রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৫ মে) দিবাগত রাতে উপজেলার ধর্মনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত জিলু রহমান কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আলী মিয়ার ছেলে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তারই প্রতিবেশী ও চাচাতো ভাই জাহাঙ্গীর মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
জানা গেছে, রবিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জিলু রহমান। রাত আনুমানিক ১টার দিকে জাহাঙ্গীর মিয়া তাকে ঘুম থেকে ডেকে তুলে বিস্কুট কেনার কথা বলেন। এরপর হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন, যাতে ঘটনাস্থলেই জিলু রহমানের মৃত্যু হয়।
আরও পড়ুন… নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি; দুইজন গ্রেপ্তার।
খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ঘাতক জাহাঙ্গীরকে একটি পরিত্যক্ত টয়লেট থেকে গ্রেপ্তার করে।
নিহতের পরিবারের বরাতে জানা যায়, সম্প্রতি একটি মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছিলেন জিলু রহমান, যেখানে আসামি ছিলেন জাহাঙ্গীর। সেই থেকেই তার প্রতি ক্ষুব্ধ ছিলেন তিনি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাহেদা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে একমাত্র আসামি হিসেবে জাহাঙ্গীর মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।

