মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বরের আব্দুল বাতেন সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আহত ব্যবসায়ী মো. মাহমুদুল ইসলাম (৫৫) বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত মাহমুদুল ইসলাম ‘মাহমুদ মানি এক্সচেঞ্জ’-এর মালিক। তার বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় হলেও তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন।
পদ্মা টিভিকে দেওয়া তথ্যে মাহমুদুল জানান, সকালবেলা বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের অফিসে যাচ্ছিলেন। পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ছয়জন অস্ত্রধারী তার গতিরোধ করে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা কোমরের বাম পাশে গুলি করে এবং সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন… সাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঘটনার খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন পদ্মা টিভিকে জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার ঘটনাস্থলে যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।”
স্বজনদের দাবি, ছিনতাইকারীরা আহত ব্যবসায়ীর কাছে থাকা পুরো টাকাই নিয়ে গেছে। এ ঘটনায় মিরপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

