মাগুরা শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়

মাগুরার বহুল আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। শনিবার সকাল সাড়ে নয়টায় মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিযুক্ত অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার আইনজীবী এহসানুল হক সমাজী বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ গঠনের পর মাত্র ২৫ দিনের মাথায় মামলার রায় ঘোষণা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। টানা শুনানির মধ্যে দিয়ে আসামিদের উপস্থিতিতে এ শুনানি সম্পন্ন হয়। মামলায় শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), শিশুটির বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশে (ভয়ভীতি প্রদর্শন) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্ট করার অভিযোগ) অভিযোগ গঠন করা হয়।
আরো পড়ুনবিজয়নগরে অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারনে ব্যবসায়ীকে জরিমানা পদ্মা নিউজ
গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক মো. আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয় এবং ২০ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করা হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।
১৫ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
শিশুটি বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হয়। ৬ মার্চ তাকে অচেতন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

