আগামী ৩ দিনে ১৫-২০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ৩ দিনে ১৫-২০ জেলায় বন্যার আশঙ্কা
আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় ৫-১০ জেলা এবং পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের ১৫-২০টি জেলা বন্যায় প্লাবিত হতে পারে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।
তিনি উল্লেখ করেন, ১১ আগস্ট বড় ধরনের বন্যার আশঙ্কার পূর্বাভাস দেওয়ার সময় রাজনৈতিক বিতর্কের আশঙ্কায় একটি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি গুরুতর হওয়ায় সেটি প্রকাশ করতে বাধ্য হয়েছেন।
মোস্তফা কামাল পলাশের দাবি, প্রতিবেশী ভারত বর্ষা মৌসুমে পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কা বাঁধের গেট দীর্ঘদিন বন্ধ রেখে গঙ্গা ও এর শাখা-উপশাখা নদীতে বিপুল পরিমাণ পানি আটকে রেখেছিল। জুলাইয়ের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এই পানি জমে থাকে। ১২ ও ১৩ আগস্ট পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারে ভারি বর্ষণের ফলে ইতিমধ্যে ফুলে ওঠা গঙ্গা নদীর পানি ধারণক্ষমতা ছাড়িয়ে বিপদসীমা অতিক্রম করে।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারত ১৩ আগস্ট থেকে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিয়েছে। এতে উজানের বিপুল পরিমাণ পানি পদ্মা নদী হয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে। তার পূর্বাভাস অনুযায়ী, গেট খোলার এই প্রক্রিয়া অন্তত ১-২ সপ্তাহ চলতে পারে।
আবহাওয়াবিদ জানান, খুলনা ও বরিশাল বিভাগে এই মৌসুমে ঐতিহাসিক গড়ের তুলনায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে, ফলে নদীগুলোর পানি ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি। ফারাক্কা বাঁধের পানি প্রবেশ করায় রাজশাহী ও খুলনা বিভাগের নদ-নদীর তীরবর্তী অনেক এলাকা বন্যার ঝুঁকিতে রয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার থেকেই রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় বন্যা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তার পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের পদ্মা তীরবর্তী ৫-১০ জেলা এবং আগামী রোববারের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মোট ১৫-২০ জেলা বন্যার পানিতে প্লাবিত হতে পারে।
নিজস্ব প্রতিবেদক

