মার্কিন শুল্ক কমতে পারে, আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন অর্থ উপদেষ্টা

বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কিছুটা হ্রাস পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি তুলনামূলকভাবে কম—প্রায় ৬.৫ বিলিয়ন ডলার। এ প্রসঙ্গে আলোচনার জন্য আগামী ১ আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টাসহ একটি প্রতিনিধি দল নিয়ে তিনি যুক্তরাষ্ট্র সফরে যাবেন।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ীদের পক্ষ থেকে লবিস্ট নিয়োগের দাবি উঠলেও অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “এ ক্ষেত্রে লবিস্ট নিয়োগের প্রয়োজন নেই। লম্বা সময় ধরে যে ধরনের আলোচনা চলে, সেখানে লবিস্টদের ভূমিকা থাকে। কিন্তু এই প্রক্রিয়া হবে দ্রুত। এমনকি তারা অফিসের আশেপাশেও যেতে পারবে না, নেগোশিয়েশনের সুযোগ তো আরও দূরের বিষয়।”
আরো পড়ুন…সড়কের বড় গর্ত নিজ উদ্যোগে মেরামত করলেন এনসিপি নেতা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তির কথা তুলে ধরে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে শেভরন, এক্সিলারেট এনার্জি ও মেটলাইফের মতো মার্কিন কোম্পানির পাওনা বাংলাদেশ পরিশোধ করেছে। এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইতিবাচক বার্তা এসেছে। এমনকি ইউএস চেম্বার থেকে আমার কাছে চিঠিও এসেছে।”
বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে তিনি আরও জানান, দেড় লাখ টন ইউরিয়া ও টিএসপিসহ বিভিন্ন ধরনের সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি এলএনজি এবং ২ লাখ ২০ হাজার টন গম আমদানিরও অনুমোদন দেওয়া হয়। রাশিয়া ও ইউক্রেন অঞ্চলে সরবরাহ অনিশ্চয়তার কারণে গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের গমের দাম বেশি কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “মূল্য কিছুটা বেশি হলেও পুষ্টিগুণে, বিশেষ করে প্রোটিনের দিক দিয়ে আমরা বাড়তি সুবিধা পাব। যদিও প্রোটিন খুব বেশি নয়, তবে তুলনামূলকভাবে কিছুটা বেশি।”

